পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতনের দাবিতে ডেপুটেশন নদিয়া তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ অক্টোবর: নদিয়া জেলার সব অবসরপ্রাপ্ত কর্মীরা ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী বেতন পেলেও কৃষ্ণনগরের অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা এই সুবিধা পাচ্ছেন না। এমনই অভিযোগ নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন নদিয়া তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতি।

জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১লা জানুয়ারি থেকে বর্ধিত হারে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের কথা। সেইমতো নদিয়ার বিভিন্ন জায়গায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বর্ধিত হারে পেনশন চালুও হয়ে গেছে। অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও মহকুমা শাসক দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্ধিত হারে পেনশন দিতে টালবাহানা করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি নদিয়া তৃণমূল অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার আর্থিক পাওনা পাচ্ছেন না। ৩১৩ জন অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন।

নদিয়া তৃণমূলের অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের অভিযোগ, তারা বহুবার বর্ধিত পেনশনের দাবিতে মহকুমা শাসক পৌর দপ্তরে নোটিশ দিয়েছেন। কিন্তু তাদের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। অথচ নদিয়া জেলার রানাঘাট, শান্তিপুর, নবদ্বীপ পৌরসভা একই সরকার চালালেও তারা বর্ধিত হারে অবসরপ্রাপ্তদের পেনশন দিচ্ছেন। নদীয়া তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির দাবি তাদের সমস্যার সমাধান না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *