আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ মার্চ: ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হানায় একের পর এক প্রাণ হানির ঘটনা এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করার প্রতিবাদে বৃহস্পতিবার জঙ্গলমহল স্বরাজ মোর্চা জেলাশাসক সুনীল আগরওয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছে। প্রতিনিধিমূলক ওই ডেপুটেশনে ছিলেন মোর্চার নেতা অশোক মাহাতো সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
অশোক মাহাতো জানান, হাতির হানায় জঙ্গলমহল জুড়ে প্রায় দিনই যেমন প্রাণহানির ঘটনা ঘটছে তেমনি ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। তাই, হাতির হামলায় মৃতদের পরিবারগুলিকে চাকরি দেওয়া, যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে বর্তমান বাজার দর অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং হাতিকে রক্ষা করা সহ আট দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। জেলাশাসক দাবিগুলিতে সহমত পোষণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ডেপুটেশনের কপি তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন।
অশোক মাহাতো বলেন, প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ না করে, তাহলে আগামি দিনে হুড়কাজ্যাম কর্মসূচির মাধ্যমে জেলার বন দফতরের কার্যালয়গুলি ঘেরাও করা হবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন। কারণ হাতি রক্ষা করার দায়িত্ব যেমন প্রশাসনের, তেমনি মানুষকে রক্ষা করার দায়িত্বও প্রশাসনের। তাই প্রশাসন চুপ করে বসে থাকলে আমরাও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

