আশিস মণ্ডল, রামপুরহাট, ২৪ ডিসেম্বর: আর মাত্র ছয় দিন। তারপরেই উদ্বোধন হতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এখনও পর্যন্ত ঠিক আছে ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে এই নতুন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটি ছুটবে। কিন্তু রামপুরহাট স্টেশনে তার কোনো স্টপেজ নেই। প্রতিবাদে শনিবার তৃণমূল প্রভাবিত রামপুরহাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন স্মারকলিপি দিল স্টেশন ম্যানেজারের কাছে।
সংগঠনের সভাপতি আব্দুর রেকিব বলেন, “হাওড়া থেকে উত্তরবঙ্গ রেল লাইনে বর্ধমান বাদ দিলে সর্বাধিক টিকিট বিক্রি হয় রামপুরহাট স্টেশনে। অথচ দিনের পর দিন রামপুরহাট স্টেশনকে বঞ্চিত করে রাখছে রেল। আগে শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ না দিয়ে বঞ্চিত করে রেখেছিল। দার্জিলিং মেলের স্টপেজ তুলে নেওয়া হয়েছে। এবার নতুন ট্রেন বন্দে ভারতেরও স্টপেজ দেওয়া হচ্ছে না। অথচ নিউ ফারাক্কা থেকে মালদা টাউন মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি স্টপেজ দেওয়া হয়েছে। আমাদের দাবি, রামপুরহাট স্টেশনে বন্দে ভারত ট্রেনের স্টপেজ দিতে হবে”।
স্টেশন ম্যানেজার কৃষ্ণ কুমার বলেন, “কোথায় স্টপেজ হবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে। আমি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব”।

