বাঁকুড়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, সতর্কতা জারি পুরসভার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর: বাঁকুড়ায় ডেঙ্গুর থাবা। পুজোর মুখেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে পুরসভা। ইতিমধ্যেই বাঁকুড়া পুর এলাকায় ৩৭ জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। শহরের ২৩ নং ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশী। ওই এলাকাতেই ২৪ জন আক্রান্ত হওয়ায় পুরসভা এলাকায় অভিযান শুরু করেছে। পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। কোনও বাড়িতে জ্বরে আক্রান্তের খবর পেলেই রক্ত পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও জমা জল পরিষ্কার করানো, মশা মারা ওষুধ স্প্রে করা সহ যাবতীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে।

বাঁকুড়া পুরসভার উপ পৌরপ্রধান হিরণ চট্টরাজ বলেন, শহরে বিশেষ করে কেঠারডাঙ্গা এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।৬০ জনের একটি দল গঠন করা হয়েছে। এই দলটি শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জ্বরে আক্রান্ত হলে রক্ত পরীক্ষা করানো, ওষুধ পত্র প্রদান সহ এলাকায় জমা জল নিষ্কাশন, মশা মারা ওষুধ প্রয়োগ করে চলেছে। টানা সাতদিন এই প্রক্রিয়া চলবে। তারপর পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।তিনি এবিষয়ে জনগনকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *