আমাদের ভারত, ২১ অক্টোবর:
করোনাকে ছাপিয়ে এবার রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। জেলায় জেলায় একাধিক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও। জানা গেছে গত ২৪ ঘন্টায় রাজ্যে তিন মহিলার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
পূর্ব কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে এক ডেঙ্গু রোগীর। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বরানগর ও দেগঙ্গায় মৃত্যু হয়েছে দু’জনের।
দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কালীপুজোর আগে এর হাত থেকে নিস্তার মিলছে না বরং আরো ভয়াবহ আকার নিচ্ছে। সরকারি বেসরকারি হাসপাতালে ক্রমাগত সংখ্যা বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেলেঘাটা আইডি’তে ৩৪ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, বরানগরে একে মুখার্জি রোডের বাসিন্দা ৬৪ বছরের গৌরা মুখোপাধ্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়। এছাড়া, দেগঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত মৃতের নাম রেহানা বিবি। তার বয়স ৩৪ বছর। বৃহস্পতিবার ভোরে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

