Dengue, Midnapur Municipality, ডেঙ্গুমুক্ত মেদিনীপুর, ২০২৫- এ একটিও আক্রান্তের ঘটনা নয়, কর্মীদের সংবর্ধনা মেদিনীপুর পৌরসভার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ধারাবাহিক ভেক্টর কন্ট্রোল কার্যক্রমের ফলস্বরূপ ২০২৫ সালে মেদিনীপুর শহরে একটিও ডেঙ্গু আক্রান্তের ঘটনা পরিলক্ষিত হয়নি। শহরকে সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত রাখতে সক্ষম হওয়ায় গর্ব প্রকাশ করেছে মেদিনীপুর পৌরসভা।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত হাউস-টু-হাউস সার্ভে, সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, জমা জলের উৎস চিহ্নিতকরণ ও নির্মূলকরণ, এবং কঠোর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে হাউস সুপারভাইজার, টিম মেম্বার এবং ডেঙ্গু প্রতিরোধে নিযুক্ত কর্মীদের নিরলস পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকাই এই সাফল্যের মূল চাবিকাঠি।

এই উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি স্বরূপ পৌরসভার উদ্যোগে সংশ্লিষ্ট সকল কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান মৌ রায়, পৌরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু, স্যানিটারি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত আধিকারিক শৈবাল গিরি, পৌর আধিকারিক দেবজিৎ সাঁতরা সহ অন্যান্য পৌর আধিকারিকরা।

চেয়ারম্যান সৌমেন খান বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধ একটি চলমান প্রক্রিয়া। শহরবাসীর সহযোগিতা এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও একইভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মেদিনীপুরকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।”

পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে বাড়ি ও আশপাশের এলাকায় জল জমতে না দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই সাফল্য ধরে রাখতে সকলে সক্রিয় ভূমিকা নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *