আমাদের ভারত, হুগলী, ১৩ জুন: উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রীদের পাশ করানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল। সোমবার হুগলী জেলার একাধিক স্কুলে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
এদিন বেলা বারোটায় চন্দননগর জ্যোতির মোড়ে রাস্তা অবরোধ করে উষাঙ্গিনী বিদ্যালয়ের ছাত্রীরা। রাস্তা অবরোধের পর তারা বিদ্যালয়ের গেটের সামনে ধাক্কা দিতে থাকে। ছাত্রীরা চিৎকার করে বলতে থাকে, আমাদের খাতা না দেখেই নম্বর বসানো হয়েছে। ছাত্রীরা দাবি করে, আমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছি।
অবরোধ বিক্ষোভের জেরে জিটি রোড জ্যোতির মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় সপ্তাহের প্রথম দিনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কাজে বেড়িয়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও নিরবই ছিল বলে অভিযোগ।
মগরা বাঘাটি গার্লস বিদ্যালয়ের ছাত্রীরাও বেলা বারোটার সময় বিদ্যালয়ের সামনে জড়ো হয়। হাতে লেখা পোষ্টার নিয়ে উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রীরা পাশ করানোর দাবিতে সোচ্চার হয়। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলে। ছাত্রীরা দাবি করে, কেউ উচ্চ মাধ্যমিকে তিনটি কেউ চারটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে। কিন্তু ইংরেজি সাহিত্যে তাদের কম নম্বর দিয়ে ফেল করানো হয়েছে। মগরা ত্রিবেণী গার্লস স্কুলের সামনেও পাশ করানোর দাবিতে ছাত্রীদের বিক্ষোভ হয়। যদিও সরকারি তরফে এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করেনি। তবে ২০ জুন উচ্চ মাধ্যমিকের মার্কসিট হাতে পাবেন পড়ুয়ারা। সেখানে পরিস্থিতি বদলের আশায় বুক বাধছে ফেল করা ছাত্র ছাত্রীরা।

