ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে দত্তপুকুরে রেল অবরোধ করে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, বারাসত, ১১ আগস্ট: ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বুধবার সকাল থেকে শিয়ালদা-বনগাঁ রেল শাখায় অবরোধ শুরু করলেন নিত্যযাত্রীরা। এই রেল শাখার দত্তপুকুর রেল স্টেশনে এই অবরোধ শুরু হয়। তিন ঘন্টা ধরে এই অবরোধ চলে।

অবরোধকারীদের দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মস্থলে কাজ শুরু হলেও পরিবহনের অন্যতম মাধ্যম রেলপথ এখনও স্বাভাবিক নিয়মে চলছে না। হাতে গোনা যে ক’টি ট্রেন চলছে, তাতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তাঁদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষকে ট্রেনের সংখ্যা বাড়িয়ে আগের মতো স্বাভাবিক ছন্দে ট্রেন চালাতে হবে। নিজেদের এই দাবির সমর্থনে এদিন সকাল সাড়ে আটটা থেকে দত্তপুকুর রেল স্টেশনে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা।

রেল পুলিশের কর্তারা দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রথম দিকে কোনও সুরাহার পথ বের কর‍তে পারেননি। ফলে অবরোধ তুলতে দেরি হয়। এই অবরোধের ফলে এই শাখার সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েছন ট্রেনের যাত্রীরা। অবশেষে রেলপুলিশের আশ্বাসবাণীতে সকাল সাড়ে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। আর তারপরেই এই শাখায় ট্রেন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *