স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ জুলাই: উচ্চমাধ্যমিক পরীক্ষাই নেওয়া হয়নি, অথচ বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীকে অকৃতকার্য করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এবং সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার দাবি নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। চোপড়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের এই জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে কলকাতা-শিলিগুড়িগামী বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। উচ্চমাধ্যমিকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের এই জাতীয় সড়ক অবরোধ আন্দোলন চলবে।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। পরীক্ষা না হলেও এইসব উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের ফলাফল প্রকাশ করে। এবারের উচ্চমাধ্যমিকে রাজ্যে পাশের হার ছিল ৯৭ শতাংশ। এত পাশের হারেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাইস্কুলের বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করে যায়। ছাত্রছাত্রীদের দাবি, আমরা পরীক্ষাই দিলাম না, অথচ আমাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। এই ফলাফল আমরা মানব না। স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবি নিয়ে আন্দোলনে নামে চোপড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে করে বিক্ষোভে শামিল হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় আটকে পড়েছে বহু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন এবং পণ্যবাহী লরি।


