স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুন: গত ১০ জুন প্রকাশিত হয়েছে ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামগ্রিকভাবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। অকৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঠন পাঠন চালু না হওয়ার কারণে সারা বছর ধরে বলে আসা হয়েছিল অনলাইনে পরীক্ষা হবে, সেই জায়গায় পরীক্ষার আগে হঠাৎ অফ লাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কারণে ছাত্র-ছাত্রীরা পড়েছে সমস্যায়।

অভিভাবকরা বলেন, লকডাউনে পরিবার প্রধানের উপার্জন তলানীতে, তাদের গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি তাই খুব বেশি ভালো ফলাফল এবার করা যায়নি। কিছু ছাত্র ছাত্রী অন্যান্য বিষয়ে লেটার মার্কসের সমতুল্য পেলেও ফেল করেছে ইংরেজিতে। ছাত্রছাত্রীর মধ্যে ৬০ জন একই বিষয় ইংরেজিতে কিভাবে অকৃতকার্য হয়।
বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের সামনে পুনরায় খাতা দেখানোর দাবিতে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ সময়। বীননগর থানার পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে কথা বলান।

এ প্রসঙ্গে শিক্ষকরা বলেন, তাদের হাতে শুধুমাত্র কুড়ি নম্বর ছাড়া, বাকি সবই বোর্ডের এক্তিয়ার ভুক্ত। আগামী কুড়ি তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর দপ্তরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। জেলার, ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল, ফুলিয়ার একটি বিদ্যালয়েও এ ধরনের একটি বিক্ষোভের কথা জানা যায়।

