অবিলম্বে স্কুল খোলা ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ অবস্থান

আমাদের ভারত, কলকাতা, ২৮ জানুয়ারি: অবিলম্বে স্কুল খোলা ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবীতে শুক্রবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির পক্ষ থেকে সারা রাজ্যে সমস্ত জেলাতে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নেওয়া হয়। রাজ্য কমিটির পক্ষ থেকে অবিলম্বে স্কুল খোলার দাবী জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান হয়েছে।

উত্তরে কোচবিহার থেকে দক্ষিনে দক্ষিণ ২৪ পরগণা জেলা পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ৬০ টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি এবং প্রশাসনিক বা শিক্ষা দফতরের আধিকারিকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগণার জামতলা হাটে সংগঠনের রাজ্য সভাপতি সুজাতা ব্যানার্জী এবং কলকাতার কলেজ স্ট্রীটে রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত বক্তব্য রাখেন।

কলেজ স্ট্রীট ও বেহালা ১৪ নম্বর বাস স্টান্ডের মোড়ে অবস্থান চলে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত, যেখানে শতাধিক মা সহ ছাত্রছাত্রীরা সামিল হন। বহু শিক্ষিকা মায়েরাও বিভিন্ন অবস্থানে উপস্থিত ছিলেন।ছাত্র ছাত্রীরা এবং মায়েরা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রায় দু’বছর স্কুল বন্ধ থাকার জন্য তাদের সন্তানদের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, কিভাবে বহু ছাত্র ছাত্রী মোবাইল গেম সহ অন্যান্য সাইটে আসক্ত হয়ে যাচ্ছে, অনেকেই মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছে এসব যন্ত্রণাদায়ক কাহিনী তুলে ধরেন।

প্রতিবাদী গান আবৃত্তির মধ্যে দিয়ে প্রশাসনের এই স্কুল বন্ধ রাখার অন্যা‍ন্য সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়। এর পরও যদি স্কুল না খোলে এবং সরকার জনসাধারণের দাবী না মেনে অনমনীয় মনোভাব নিয়ে চলে তবে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *