সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে তেমন প্রভাব পড়ল না উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন সকাল থেকে বনগাঁ শহর সহ হাবড়া, অশোকনগরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিক্ষিপ্তভাবে পথ অবরোধ করে বিজেপি।
অন্যান্য দিনের মতোই বাস, টোটো, অটো স্বাভাবিকভাবেই চলাচল করছে। দোকানপাটও প্রায় সমস্তটাই খোলা ছিল। বেলা বাড়তেই বিজেপির পক্ষ থেকে বনগাঁর রামনগর রোডে অবরোধ করে। প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পর, নিত্তযাত্রীদের কথা মাথায় রেখে অবরোধ তুলে নেয় বিজেপি।
এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ওই মিছিল গোটা বনগাঁ শহর পরিক্রমা করে নিজেদের কার্যালয়ে এসে শেষ করে। বেলা দুটো থেকে চারটে পর্যন্ত বনগাঁ মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে সিপিএম।
বিকেল তিনটে থেকে হাবড়া ও অশোকনগরে যশোর রোড অবরোধ করে বিজেপি প্রায় ১ ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, পুরভোটের নামে রাজ্যজুড়ে সন্ত্রাস চলেছে। আর তারই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ এর ডাক দেয় বিজেপি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালই রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছিল, বাংলা বনধকে উপেক্ষা করে মানুষ যেন রাস্তায় বের হন। আর তারজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় বাস রাস্তায় বের করবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন পাশে থাকবে।

