সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুন: ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ও প্রকল্প পুনরায় চালু করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্য সদস্যা ও নেতৃত্বরা।

হাতে গাইতি, কোদাল, ধামা নিয়ে মিছিলে পা মেলান জবকার্ডধারীরা। তাঁদের হাতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলে মহিলাদের সংখ্যা ছিল উল্লেখ যোগ্য। পুরুলিয়া জুবলি ময়দান থেকে পুরুলিয়া শহরের জুবলি ময়দানে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির ব্যানারে জেলার কুড়িটি ব্লকের মানুষ সমবেত হন। সেখান থেকে তাঁরা মিছিল শুরু করেন। তাঁদের অভিযোগ, রাজ্য ও কেন্দ্রের সংঘাতে বিপন্ন হচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, ১০০দিনের কাজ হলেও সঠিক তথ্য পৌচাচ্ছে না কেন্দ্রীয় সরকারের কাছে। যার কারণেই কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে ১০০দিনের প্রকল্পের কাজ। বন্ধ হয়ে রয়েছে শ্রমিকদের মজুরি। বকেয়া মজুরি ও কাজের দাবিতে জেলার সমস্ত শ্রমিক শ্রেণির মানুষ বিক্ষোভে সামিল হন বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়।

একশো দিনের কাজে টাকা অমিল হওয়ায় কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা অনুরাধা তলোয়ার। তিনি জানান, ‘গত বছরের ডিসেম্বর মাস থেকেই আর টাকা পাচ্ছেন না শ্রমিকরা। পুরুলিয়া জেলায় মারাত্মক প্রভাব পড়েছে। এখনই টাকা পাওয়া না গেলে কার্যত অনাহারে মৃত্যু হতে পারে বহু মানুষের। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য এই খাতে কোনো বরাদ্দই করেনি।’ জেলায় বিজেপির একজন সাংসদ সহ ছয় জন বিধায়ক রয়েছেন। এই ক্ষেত্রে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

