জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ এপ্রিল: রাজ্যজুড়ে ঘটে চলা খুন-ধর্ষণ, শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পর্ষদ সভাপতির অপসারণ এবং এসএসসি নিয়োগে দুর্নীতিতে যুক্ত সমস্ত ব্যক্তিদের শাস্তির দাবি সহ স্বচ্ছতার সাথে এসএসসি’র মাধ্যমে প্যানেল ভুক্ত প্রার্থীদের নিয়োগের দাবিতে সোচ্চার হল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। উপরোক্ত দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয় এবিটিএ-পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে।
এদিন রবীন্দ্রনগরে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে মিছিল শুরু হয়। বিদ্যাসাগর মোড়, গান্ধীমোড়, পঞ্চুরচক, গোলকুঁয়ার চক, বটতলা চক, হাসপাতালে রোড হয়ে পুনরায় জেলা দপ্তরে শেষ হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, মহকুমা সভানেত্রী সবিতা মান্না, পাপিয়া চৌধুরী, সত্যকিংকর হাজরা সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।
মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অংশ নেন। মেদিনীপুর শহর ছাড়াও এদিন ঘাটাল ও খড়্গপুরে একই দাবিতে সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।

