সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ মার্চ: খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করল খাল পাড়ের চাষি থেকে রাজ্য খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। সোমবার সকাল দশটা থেকে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন`হাটার পার্বতী খাল পাড়ে দাঁড়িয়ে আন্দোলন ও বিক্ষোভ করেন স্থানীয় চাষি থেকে খাল বাঁচাও কমিটি বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্যরা।
স্থানীয় সূত্রের খবর, পার্বতী খাল অতীতের যমুনা নদী বলে পরিচিত ছিল। ৩০ কিলোমিটার দীর্ঘ গাইঘাটা থানার গোপীনাথপুর থেকে নদীয়ার চূর্ণী নদী পর্যন্ত বিস্তৃত এই খালটির ওপর নির্ভর করে চাষ করেন নদীর পাড়ের হাজার হাজার কৃষক। বর্তমানে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে বসেছে খালটি। যার ফলে বর্ষা এলেই নদীর দু’পাড়ের বিঘা বিঘা জমি জলমগ্ন হয়ে কৃষি কাজের ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে নদী সংস্কারের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায়, খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যদের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সহ খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যদের একত্র হয়ে আজ সকাল দশটা নাগাদ গোপালনগর থানার ন’হাটা নদী পাড়ে দাঁড়িয়ে তারা পার্বতী খাল সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভ শুরু করেন।

এর পূর্বে আন্দোলন করে প্রতিশ্রুতি না মেলায় ফের পার্বতী খালটি সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছেন নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দারা। অতীতের এই যমুনা নদী অর্থাৎ পার্বতী খালটি ন’হাটা বাজার, বনগাঁ ও নদীয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের একমাত্র পথ ছিল। যা আজ মৃত প্রায়। পার্বতী খালের পুনঃ সংস্কারের জন্য তাই মরিয়া হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ কৃষক।

