টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ আগস্ট: “খেলা হবে” নাটকীয় ছলে ব্যাট, বল হাতে নিয়ে আন্দোলনে সরব হলেন পুরুলিয়ার প্রশিক্ষিত ২০১৪-র টেট উত্তীর্ণরা। আজ থার্মোকলের থালাতে বেকারত্ব দূর করা এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি মেটানোর দাবি লিখে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন “২০১৪ টেট পাস ট্রেন্ড ইনক্লুডেড ক্যান্ডিডেট” সংগঠনের পক্ষ থেকে টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের দাবি, জেলার শিক্ষিত যুবকরা বেকারত্বের জ্বালায় ভুগছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত নিয়োগ করতে হবে টেট উত্তীর্ণদের। কারণ, একদিকে বয়স পেরিয়ে গেছে অনেকের। কোনও সরকারি চাকরির ক্ষেত্রে আর আবেদন জানাতে পারবেন না অনেকেই। বেকারত্বের জ্বালায় অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে দাবি প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের।

এদিন আন্দোলনের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীদের মধ্যে সৌরভ মাহাতো। এদিন বিক্ষোভ স্থলে উপস্থিত চাকরি প্রার্থী অভিজিৎ মাহাতো, কানাই মিত্র, মালাবতি মাহাতো জানান, তাঁরা জেলায় প্রায় ১৫০ জন আছেন। এঁদের সরকারি চাকরির বয়স পেরিয়ে গেছে। ভবিষ্যত অথৈ জলে। এই অবস্থায় কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *