মেদিনীপুরে টেট পাস চাকরি প্রার্থীদের বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: চাকরির দাবিতে ফের মেদিনীপুর শহরে অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন ২০১৪-র টেট পাস নট ইনক্লুডেড চাকুরি প্রার্থীরা। শুক্রবার শহরের রাস্তায় রীতিমতো ট্রলিতে নিজেদের মৃতদেহ হিসাবে সাজিয়ে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। কলেজ মাঠ থেকে ট্রলিতে কৃত্রিম শবদেহ সাজিয়ে রিংরোড হয়ে মিছিল করে গিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন টেট পাস চাকরি প্রার্থীরা। 

আন্দোলনকারী রাখি কোলে ও অন্যান্যদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে তাদের চাকরিতে নিয়োগ করা হবে। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। মুখ্যমন্ত্রী নানারকম স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করছেন কিন্তু আমাদের কথা তিনি ভুলে গেছেন। লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করতে গিয়ে স্বরস্বতীর ভান্ডার শূন্য করে ফেলছেন। বছরের পর বছর চাকরির জন্য অপেক্ষা করতে করতে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। অভিভাবকদের নিয়ে তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। অবিলম্বে  তাদের চাকরিতে নিয়োগ না করা হলে আগামীদিনে অভিভাবকদের সঙ্গে নিয়ে নবান্নের সামনে স্বেচ্ছা মৃত্যু বরণ করবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *