এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ এসএসসি চাকরি প্রার্থীদের

রাজেন রায়,‌ কলকাতা, ২৩ মার্চ: ভোট যত এগিয়ে আসছে ততোই নিজেদের আন্দোলনকে আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকরা। বিপুল পরিমাণ শিক্ষকের নিয়োগের কথা বলেও আদালতের সমস্যার জন্য তা না করতে পেরে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা। গত মাসেই আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিমুখে যাত্রা করে শিরোনামে উঠে এসেছিলেন শিক্ষাবন্ধুরা।

এ বার ফের হবু শিক্ষকদের ক্ষোভ আছড়ে পড়ল কালীঘাটে। নিয়োগের দাবিতে গত দু’মাসের বেশি সময় ধরে সল্টলেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ আচমকাই একদল এসএসসি চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। নবম এবং দশম শ্রেণির উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এদিন দুপুর নাগাদ জড়ো হন কালীঘাট চত্বরে। বিকেল হতেই রাস্তার উপর শুয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় কালীঘাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের রীতিমতো টেনে-হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। প্রতিবাদীদের দাবি, বহু বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়োগ এখনও শুরু হয়নি। উনিশ সালে খোদ মুখ্যমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেও মেধাতালিকায় থাকা প্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হয়ে চলেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *