স্কুলে পঠন-পাঠনের দাবিতে মা ও শিশুদের অবস্থান-বিক্ষোভ-ডেপুটেশন পূর্ব মেদিনীপুরে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ জানুয়ারি : স্কুল চালুর দাবিতে এবার পথে নামল মা ও শিশুরা। অবস্থান বিক্ষোভে সামিল হলেন তাঁরা। বিদ্যালয়ে পঠন-পাঠনের দাবিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মা ও শিশুদের অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন পূর্ব মেদিনীপুরের জেলা জুড়ে। তাদের দাবি প্রায় সব কিছুই যখন স্বাভাবিক তখন কেন আজ দু’বছর বিদ্যালয়ে পঠন-পাঠন চালু হচ্ছে না। তাদের আরো দাবি, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের পঠন পাঠন চালুর দাবিতে আজ রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার জেলাসদর তমলুক ছাড়াও কোলাঘাট, ময়না, কাঁথি, এগরাতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। আজ রাজ্যের সকল জেলার ডি এম , এস ডি ও, ডি আই এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তমলুক মানিকতলা মোড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চলে। সভামঞ্চে বক্তব্যের সাথে সাথে গান আবৃত্তি ও পরিবেশেন করা হয়। পরে মানিকতলা মোড়ে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা বিদ্যালয় পরিদর্শককে (প্রাথমিক) ডেপুটেশন দেওয়া হয়েছে।

আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সহ সভাপতি শীলা দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রতিমা জানা, শ্রাবন্তী মাজী, সবিতা সামন্ত সহ অন্যান্য সদস্যরা।

কাঁথিতে কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রাবণী পাহাড়ি ও রীতা ওঝা। এগরাতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা রিতা প্রধান। ময়নায় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বেলা পাঁজা ও কৃষ্ণা রায় নেতৃত্ব দেন।
কোলাঘাটে নেতৃত্ব দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতিমা অধিকারী ও সুতপা সিনহা।

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা রীতা প্রধান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দেশের বিশিষ্ট স্বাস্থ্যবিশেষজ্ঞরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিচ্ছেন। নির্বাচন,মেলা,খেলা, হাট-বাজার সবই স্বাভাবিক। অপরদিকে বার, রেস্টুরেন্ট, মদের দোকান তাও খোলার অনুমতি দিয়েছে সরকার। অথচ বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু না করে, পাড়ায় শিক্ষালয় বা অনলাইনে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ছাত্র সমাজের সার্বিক ক্ষতি হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার সর্বাত্মক বেসরকারিকরণের পরিকল্পনাকারী ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ র কার্যকরী করার লক্ষ্যে পশ্চিম বঙ্গ রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আজ পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিক্ষোভ প্রদর্শন এবং শিক্ষা আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হল। সরকার দ্রুত স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে না খুললে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *