স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মার্চ:
থেমে থাকা কাউন্সেলিং ২৪ ঘণ্টার মধ্যে শুরু করার দাবি সহ মেধা তালিকার অবশিষ্ট চাকুরি প্রার্থীদের নিয়োগের দাবিতে নদীয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে গতকাল রাত থেকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের।

জানাগেছে, ২০১৪ সালে টেটের ১৬৫০০ নিয়োগের প্রথম মেধা তালিকার অবশিষ্ট চাকরি প্রার্থীদের এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি শিক্ষা পর্ষদ থেকে। নোটিফিকেশন অনুযায়ী ২০১৫ সালে পরীক্ষা হয়। সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলনে
ঘোষণা করেছিলেন যে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। অভিযোগ, সেই সময় যে ১৬৫০০ সিটের ঘোষণা করা হয়েছিল তার মধ্যে ১৫২০০ জনকে ডাকা হয়। সেখানে ১৫ তারিখে যখন রেজাল্ট বের হয় তখন দেখা যায় পাঁচ থেকে ছয় হাজার চাকুরি প্রার্থীর কাউন্সেলিং হয়ে গেছে। একই প্যানেলের কিছু প্রার্থীকে সেই সময় চাকরিতে নিয়োগ করা হলেও অভিযোগ অবশিষ্ট চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে সরকার টালবাহানা শুরু করতে থাকে।

চাকরি প্রার্থীদের দাবি, কোর্ট থেকে বলা হয়েছিল সরকার পক্ষকে দুই সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে। কাউন্সেলিং চালিয়ে যেতে হবে। চাকুরী প্রার্থীরদের অভিযোগ, এরপর তারা চাকুরি প্রার্থীদের দাবি এনিয়ে বহুবার পলাশী পাড়ার বর্তমান প্রার্থী তথা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মানিক ভট্টাচার্যের কাছে দরবার করেছে। কিন্তু প্রার্থীদের অভিযোগ বারবার তার বাড়িতে গেলেও তিনি তাদের কোনও সুরাহা করেননি। প্রার্থীদের দাবি, কাউন্সেলিং যতক্ষণ না শুরু করা হবে, যতক্ষণ নোটিফিকেশন না হবে সরকারি স্ট্যাম্প সহ যদি নোটিফিকেশন না হয় ততক্ষণ তারা কৃষ্ণনগর ডিআই অফিসের সামনে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

