জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: মেলেনি প্রাপ্য পারিশ্রমিক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেও মেলেনি ভ্যাকসিন। দীর্ঘ বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলে সোমবার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন কোভিড ভলান্টিয়াররা।

২০২০ সালের ৩১ মার্চ করোনা মোকাবিলায় বিভিন্ন থানা এলাকায় কোভিড ভলান্টিয়ার নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল থেকেই বিভিন্ন থানার অধীনে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয় কয়েক হাজার কোভিড ভলান্টিয়ার। মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চলে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের হাতে পথ্য, খাওয়ার সহ বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই নিয়োগ করা হয়েছিল গ্রামের বেকার যুবক যুবতীদের। ধীরে ধীরে করোনা সংক্রমণ কমতেই হ্রাস পায় কোভিড ভলান্টিয়ারদের গুরুত্ব।

অভিযোগ, দীর্ঘদিন স্বাস্থ্য কর্মীদের সাথে তারা অক্লান্ত পরিশ্রম করলেও মেলেনি কোনও পারিশ্রমিক। প্রথম সারির কোভিড যোদ্ধারা ভ্যাকসিন পেলেও তা তাদের কপালে জোটেনি। দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তারা। সোমবার দুপুরে বঞ্চিত ভলান্টিয়ারদের একটি দীর্ঘ মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করার পর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন ভলান্টিয়ার্সদের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়। যদিও এবিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা মুখ খুলতে চাননি।

