আমাদের ভারত, ২৮ নভেম্বর: বিভিন্ন বিএড কলেজে তাঁদের ভর্তির অনুমোদনের দাবিতে মঙ্গলবার প্রচুর পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। মূলত বেআইনিভাবে ভর্তি এবং আনুষঙ্গিক কিছু নির্দিষ্ট অভিযোগে ২৫৩টি কলেজের পড়ুয়াদের স্বীকৃতি দিতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃঢ় দাবি, এ ব্যাপারে আইন মেনে তাঁরা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। অনিয়ম যা হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন বিএড কলেজ ও সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের তরফেই।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর ওপর চাপ তৈরির জন্য এ দিন ২ হাজার প্রতিবাদীর সমাবেশ করা হবে বলে আগে জানানো হয়েছিল। যদিও সমাবেশে অংশ নিয়েছিল এর কিছু অংশ। ব্যানার লাগিয়ে, মাইকে নেতৃবৃন্দ দাবি আদায়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে তাঁদের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পরে অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের বৈধতার দাবির কথা বলেন। একটি গণ স্মারকলিপিও দেন। অন্যদিকে উপাচার্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, রাজ্যের উচ্চশিক্ষা দফতর এ ব্যাপারে লিখিত কোনও নির্দেশ দিলে তা অবশ্যই বিবেচনা করা হবে।

