আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ মার্চ:
উত্তর দমদমের নিমতার পাটনা স্কুল রোডের বাসিন্দা বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে নিমতা থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা।

অন্যদিকে আক্রান্ত গোপাল মজুমদারের বাড়ি গিয়ে তাঁর এবং তাঁর মা এর সঙ্গে কথা বললেন বিজেপির নেতা দেবজিত সরকার। তিনি এদিন পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
এদিন নিমতা থানা ঘেরাও কর্মসূচিতে এসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, উত্তর দমদমের সমগ্র অঞ্চল দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তবে আগামী দিনে এই পরিস্থিতি আর রাজ্যে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন তিনি অভিযোগের সুরে বলেন, পরপর বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এমনকি গতকাল রাতেও এই অঞ্চলে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর।

