সরকারি বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পুরুলিয়া ১নং ব্লকে

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুন: বাংলা আবাস যোজনায় দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ উঠল পুরুলিয়া ১ ব্লকে। আজ এই অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শিমুলিয়া গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে অফিসে না পেয়ে তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনা তালিকাভুক্ত করার সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। ওই গ্রাম ছাড়াও পাশাপাশি কয়েকটি গ্রাম সংসদ এলাকাকেও একইভাবে বঞ্চিত করা হয়েছে। সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই গ্রামগুলি রয়েছে। এই বঞ্চনার জন্য গ্রাম প্রধানকে অভিযুক্ত করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের দাবি, নতুন করে জরিপ করে ওই প্রকল্পে উপযুক্ত প্রাপকদের তালিকাভুক্ত করা হোক। সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

এদিকে খবর পেয়ে বিক্ষোভস্থলে স্থানীয় টামনা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *