জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মার্চ: আনিস হত্যার সঠিক বিচারের পাশাপাশি কমরেড মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন দলীয় কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বামপন্থী ছাত্র এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। মেদিনীপুর শহরের ১০ নং ওয়ার্ডে ডিওয়াইএফআই’য়ের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ রিং রোড ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে ছাত্র-যুব কর্মীরা রাস্তা অবরোধ করেন।

এদিনের বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল পোড়ানোর সময় “খুন করেছে মমতা, জেনে গেছে জনতা” স্লোগান তোলা হয় হয়। জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিলটি মিরবাজারের জেলা কার্যালয়ে ফিরে যায়। বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই’য়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী, এসএফআই’য়ের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মুদি। এছাড়াও ছিলেন জেলার বিভিন্ন এলাকার কর্মীরা।

