আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: প্রথম শ্রেণি থেকেই স্কুল খোলার দাবিতে সোমবার শিশু-কিশোর ছাত্র-ছাত্রীদের ও মায়েদের নিয়ে সম্মিলিত ভাবে একটি পদযাত্রা ও অবস্থান বিক্ষোভের কর্মসূচি হল। এই কর্মসূচির আয়োজন করেছিল ছাত্র সংগঠন এআইডিএসও ও মহিলা সংগঠন এআইএমএসএস।
দুপুরে মিছিল শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে বউবাজার হয়ে কলেজ স্ট্রিটে পৌঁছয়। কলেজ স্ট্রিটে শিশু-কিশোর ছাত্র-ছাত্রী এবং মায়েদের অবস্থান বিক্ষোভ চলে। এই অবস্থানে দুটি সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্বরা বক্তব্য রাখেন। কিছু সাধারণ মা-ও বক্তব্য রাখেন।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভাপতি সুজাতা ব্যানার্জি বলেন, “রাজ্যজুড়ে মেলা, উৎসব, ভোট এসমস্ত কর্মসূচি হচ্ছে অথচ স্কুল কলেজ থেকে করোনা ছড়াবে বলে শিক্ষাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা জানি মনোবিদ, শিশু চিকিৎসক, এরা সকলেই বলছেন যে ছাত্র-ছাত্রীদের আপনারা স্কুলে যেতে দিন। তারা স্কুল থেকে করোনা নিয়ে বাড়ি আসবে না। ঘরে আবদ্ধ থেকে থেকে তারা মারাত্মকভাবে শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই অবিলম্বে স্কুল খোলার জন্য রাজ্য সরকারকে আমরা বলছি।” ছাত্র-ছাত্রীরা গান ও আবৃত্তির মধ্য দিয়ে তাদের প্রতিবাদ জানায়।

