জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবি জানিয়ে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কিষাণ প্রতিরোধ সপ্তাহে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠন। দিল্লির সিংঘু বর্ডারে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে চলা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে প্রতিরোধ সপ্তাহে কেশিয়াড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও খাদ্য সরবরাহ দপ্তরে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি সহ অন্যান্য দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়।

সংগঠনের দাবি, কৃষি আইন ২০২০ বাতিল, বিদ্যুৎ আইন বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কৃষকরা। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহার, এমএসপি তথা ফসলের সর্বোচ্চ সহায়ক মূল্য আইন প্রবর্তন, মোটা ধান সহায়ক মূল্যে ২৫০০ টাকা কুইন্টালে কেনার ব্যবস্থা করা এবং সস্তায় সার বীজ কীটনাশক সরবরাহের দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। কৃষি আইনের বিরোধিতা করে একই দাবিতে বেলদাতে নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। সমস্ত দাবি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর আশ্বাস দেন বিডিও।

