জমা জলের সমস্যা মেটাতে পৌর প্রশাসককে ঘিরে বিক্ষোভ কামারহাটিতে

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৫ আগস্ট: জমা জলের সমস্যা মেটাতে পৌর প্রশাসককে ঘিরে বিক্ষোভ কামারহাটিতে। বুধবারের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়লো কামারহাটি পৌর সভার বেশ কিছু এলাকা। বৃষ্টি হলেই জমা জল ও কাদার সমস্যায় জেরবার হয়ে অবশেষে পথ অবরোধ করলেন কামারহাটি পৌর এলাকার বাসিন্দারা।

কামারহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লী অঞ্চলে জমা জল কাদার সমস্যা দীর্ঘ দিনের। জমা জলের সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শ্রীকৃষ্ণ পল্লীর প্রায় ১০০ টি পরিবারের সদস্যরা। বুধবার দুপুর থেকে হওয়া টানা বৃষ্টির ফলে জল জমে যায় কমারহাটির শ্রীকৃষ্ণ পল্লীতে। প্রতিবার বৃষ্টি হলেই এক চিত্র দেখা যায় এই এলাকায়। তাই অতিষ্ট হয়ে অবরোধ ও বিক্ষোভ করতে শুরু করেন ওই এলাকার বাসিন্দারা। তারা প্রতিবছর এই একই কষ্ট পান তার থেকে নিস্তার পেতে প্রতিবাদ করার পথ বেছে নেন।

এদিন অবরোধকারীরা বলেন, “এই সমস্যা গত ১০ বছর ধরে ভোগ করছি। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। বাড়ি বাড়ি জল ঢুকে যায়। পৌরসভা প্রতিনিধিরা সব জেনেও কোনও কাজ করে না। তাই আজ আমরা বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের দাবি, পৌর প্রশাসককে এখানে আস্তে হবে আর আমাদের মতো জলে থাকতে হবে।

এরপর দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে ঘটনাস্থলে আসেন কামারহাটি পৌরসভার প্রশাসন বোর্ডের প্রধান গোপাল সাহা।উত্তেজিত জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর পৌর প্রশাসক মন্ডলের প্রধান গোপাল সাহা ও পৌর বোর্ডের সদস্য বিমল সাহা জলমগ্ন অঞ্চল ঘুরে দেখেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এদিন পৌর প্রশাসক গোপাল সাহা বলেন, “আমাদের এখানের জল বাগজলা খালে পড়ে। কিন্তু কয়েক বছর ধরে দেখছি বাগজলা খাল অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়ে যাচ্ছে ফলে জল উপচে জন বসতিতে উঠে আসছে। আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যার সমাধান করতে।” পৌর প্রশাসক কথা দিলে শান্ত হয় বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *