সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: বাম আমলে তৈরি হয়েছিল ইটের ডবল সোলিং রাস্তা। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে এই রাস্তার কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। হঠাৎ তা থেমে যায়। বর্তমানে আবার সেই রাস্তাতেই পিচের কাজ শুরু হয়েছে। অভিযোগ, নিম্নমানের পিচ ও পাথর দিয়ে দায় সারছে সরকার। এর প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো গ্রামবাসী। ঘটনাট উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ধরম পুকুর পঞ্চায়েতের বনগাঁ বাগদা সড়কের ঘাটবাওর এলাকায়।

অভিযোগ, স্থানীয় নেতাদের মদতে রাতের অন্ধকারে ঠিকাদার সংস্থা রাস্তার সেই পুরনো ইট তুলে সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, রাস্তা তৈরির ক্ষেত্রেও অত্যন্ত নিম্নমানের মালপত্র ব্যবহার করা হচ্ছে। বনগাঁ ব্লকের ধরম পুকুর পঞ্চায়েতের বনগাঁ বাগদা সড়কের ঘাটবাওর মোড় থেকে বিভূতিভূষণ ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা বছর দশেক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে জেলা পরিষদ সেই রাস্তাটি পুনরায় নির্মাণ কাজ শুরু করেছে৷

অভিযোগ, নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তার কোন সিডিউল বলা হচ্ছে না। নামমাত্র পিচ দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। তাতে হাত দিলেই পিচ সহ খোয়া উঠে যাচ্ছে। নিম্নমানের পিচ এবং পাথর দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে।বৃহস্পতিবার সকালে মনিগ্রাম চালতে পোতা এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। তারা সঠিকভাবে রাস্তা করার দাবি জানিয়েছেন। যদিও এবিষয়ে পঞ্চায়েত বা জেলা পরিষদের কেউ মুখ খোলেননি।

