ডাবুতে সেচ দফতরের অফিসের সামনে বিক্ষোভ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ মার্চ: দিনের পর দিন ক্যানিংয়ের ডাবুতে সেচ দফতরের অফিসের আওতাধীন ফিসারিগুলিতে বহিরাগত মানুষজন নিজেদের গাঁয়ের জোরে চাষ করছেন। দফতরের আধিকারিকদের ঘুষ দিয়ে নিজেরা সরকারি সম্পত্তি ভোগ দখল করছে। আর এই অবৈধভাবে ভোগ দখলকারীদের উচ্ছেদের দাবিতেই বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডাবু পিকনিক গার্ডেনে।

ডাবু পিকনিক গার্ডেন মগরাহাট ক্যানেল ডিভিশনের অন্তর্গত সেচ দফতরের একটি কার্যালয়। এই কার্যালয়ের অন্তর্গত বহু জলাজমি রয়েছে। সেই জলা জমিগুলিতে দিনের পর দিন কিছু এলাকার প্রভাবশালি ব্যক্তি ভোগ দখল করছে। দফতরের আধিকারিকদের ঘুষ দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন তাঁরা। আর সেই কারণেই এদিন বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তাঁদের দাবি, এলাকার সাধারণ মানুষ, বেকার যুবক যারা সরকারকে রাজস্ব দিয়ে এই ফিশারিগুলি চাষ করতে চায় তাদেরকে দেওয়া হোক এগুলিতে মাছ চাষের অধিকার। এই দাবি নিয়েই এদিন দফতরের আধিকারিকদের কাছে গণ ডেপুটেশানও দেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *