বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অভিযান বাম সরকারি কর্মচারী যৌথ মঞ্চের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর: কোনো টালবাহানা নয়। বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে, এই দাবিতে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অভিযানে করল বাম সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ। রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, শিক্ষক, শিক্ষাকর্মী সরকারি কর্মচারীদের নিয়ে যৌথমঞ্চের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অভিযান করা হল।

এদিন জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড় থেকে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, শিক্ষক, শিক্ষাকর্মী সরকারি কর্মচারীদের যৌথমঞ্চের সমর্থকরা মিছিল করেন। মিছিলটি পিডবলুডি মোড় হয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। মিছিলকে আটকানোর জন্য পুলিশ জেলাশাসকের দপ্তরের আগে ব্যারিকেড দিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে জেলাশাসকের দপ্তরের ঢোকার চেষ্টা করে। সেখানেও ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বিরাট পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা।

এদিন রাজ্য কো অর্ডিনেশন কমিটিত জলপাইগুড়ির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান, আমাদের বকেয়া মহার্ঘ ভাতার দাবি রয়েছে। রাজ্য সরকার নানা টালবাহানা দিয়ে আমাদের ডিএ দিচ্ছেন না। সরকারি অফিসে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি আমাদের রয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি আমাদের সংগঠন যারা করে তাদের অন্যত্র বদলি করা হচ্ছে, এটা প্রত্যাহার করতে হবে। আজ আমরা মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসার সময় পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আমরা ব্যারিকেড ভেঙ্গে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখাতে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *