অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর: দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস। মঙ্গলবার টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দেওয়ার পর খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনটিকে দাঁড় করিয়ে মানিকপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়।যার ফলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় স্টিল এক্সপ্রেস। সরডিহা স্টেশনের আগে ওই ট্রেনের স্টপেজ ছিল। কিন্তু সেই স্টপেজ তুলে নেওয়া হয়েছে। তাই ওই ট্রেনের স্টপেজের দাবিতে ওই এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিক্ষোভ দেখায়। তারা বলেন, এই এলাকার বেশিরভাগ মানুষই স্টিল এক্সপ্রেস ট্রেনের উপর নির্ভরশীল। দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ সরডিহা স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। তাই মঙ্গলবার ওই ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর ফলে সমস্যায় পড়েন রেল যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও রেলের আধিকারিকরা। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। ওই এলাকার বাসিন্দারা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন রেল আধিকারিকদের হাতে। বিক্ষোভকারীদের সাথে কথা বলার ২ ঘন্টা পর রেল অবরোধ তুলে নেয় তারা। তবে তাদের দাবি, যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে তারা বাধ্য হবেন বলে বিক্ষোভকারীরা জানান।

