বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ পুরসভার কর্মীদের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ ফেব্রুয়ারি: গত ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পুরসভার গেটে তালা মারল পৌরসভার অস্থায়ী পুরকর্মীরা। যতক্ষণ তাদের বকেয়া বেতন তারা না পাবেন, ততক্ষণ তারা কাজে যোগ দেবে না এবং পুরসভায় কোনও কর্মীকেও ভেতরে ঢুকতে দেওয়া হবে না, দাবি জানিয়ে বিক্ষোভে শামিল হন পৌরসভার পৌর কর্মীরা।

সোমবারও পুরসভার স্বাস্থ্যকেন্দ্র তালাবন্ধ করে কর্মবিরতি পালন করেন সেখানকার পৌর কর্মীরা। মঙ্গলবার পুরসভার মেন গেটে তালা মেরে সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেন তারা। গতকালই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেন, ভাটপাড়া পৌরসভা বিজেপির হাত থেকে চলে যাওয়ার পর থেকেই এমন অচল অবস্থা হয়েছে যা মুখে বলে প্রকাশ করা যায় না। অস্থায়ী কর্মচারীদের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে এবং তারপরও দিনের-পর-দিন তারা বেতন পান না। তবে, পুরসভার এরকম পরিষেবা বন্ধ করাটা যুক্তি যুক্ত নয়। তথাপিও দিনের-পর-দিন বেতন না পেলে শ্রমিকরা কি করবে সে বিষয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং। তিনি এও বলেন যদি তাদের সমস্যা হয় কোনও রকম সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অর্জুন সিং সাংসদ হিসাবে পুরসভাকে সাহায্য করবে।

ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং বলেন, “এই পৌরসভা যে ভাবে শ্রমিকদের বেতন বকেয়া রেখেছে, তাতে শ্রমিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে ওরা আন্দোলন করছে। ওদের বেতন যত তাড়াতাড়ি মিটিয়ে দেবে পৌরসভা কর্তৃপক্ষ ততই ভালো।”

এদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তৃণমূল নেতা মকসুদ আলম বলেন, “ভোটের মুখে বিজেপি পৌরসভার অস্থায়ী কর্মীদের খেপিয়ে তুলেছে। ওরা রাজনীতি করছে। পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে যে সমস্যা আছে তা শীঘ্রই মিটে যাবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা ভাটপাড়া বাসীর পক্ষে কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *