পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষায় মাস্টার ডিগ্রির পঠন পাঠনের দাবিতে বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষায় মাস্টার ডিগ্রির পঠন পাঠনের দাবিতে আজ মিছিল করে বিক্ষোভ দেখাল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ। এতে সামিল হন স্নাতক (কুড়মালি ভাষায় সাম্মানিক) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুঞ্চার রামানন্দ সেন্টিনারি কলেজ, আড়ষা কলেজ এবং ঝালদার চিত্ত মাহাতো কলেজ থেকে কুড়মালি নিয়ে স্নাতক হওয়ার পর কার্যত উচ্চ শিক্ষার রাস্তা প্রায় বন্ধ রয়েছে ২২ জন ছাত্র ছাত্রীর। এখনও কুড়মালি ভাষা নিয়ে ভিন রাজ্যে যেতে হয় জেলার শিক্ষার্থীদের। ওই বিষয়ে জেলার বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু না হওয়ায় সমস্যার মুখে পড়েছেন সদ্য কুড়মালি নিয়ে গ্রাজুয়েশন করা ওই ছাত্র-ছাত্রীরা। তাই, অবিলম্বে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষায় এমএ পাঠের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আড়ষা কলেজ, ঝালদার চিত্ত মাহাতো কলেজ এবং পুঞ্চা ব্লকের রামানন্দ সেন্টেনারি কলেজে কুড়মালি ভাষায় গ্রাজুয়েশনের পঠন-পাঠন শুরু হয়েছে। অথচ, এখনও সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষায় পঠন-পাঠন শুরু হয়নি। কুড়মালি নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে না পেরে চরম সমস্যায় পড়েছেন সত্য পাশ করা ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকার যখন কুড়মালি ভাষা শিক্ষার উপর জোর দিচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের অসহযোগিতার কারণে আজ এই অবস্থা তৈরি হয়েছে পুরুলিয়ায়। পাশের রাজ্য ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়গুলিতে ১৯৮০ সাল থেকে কুড়মালি ভাষায় এমএ পড়ানো হচ্ছে। পুরুলিয়ায় কুড়মালির ভাষার সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও এখনও এমএ পড়ানো শুরু হল না। যার ফলে চরম বঞ্চনার শিকার কুড়মালি নিয়ে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা।

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পরেও যদি কুড়মালি ভাষায় এমএ পড়ানো শুরু না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অনশনে বসবেন।

অন্যদিকে, পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের নেতা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *