সাথী দাস, পুরুলিয়া, ৪ আগস্ট: একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পেরে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। আর সঙ্গ দিলেন অভিভাবকরা। বুধবার এই ঘটনটি ঘটেছে পুরুলিয়া শহরের রাষ্ট্রীয় উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
কোভিডের কারণে এই বছর রাজ্য শিক্ষা দফতর মাধ্যমিক পরীক্ষা বাতিল করে। পাশ করানো হয় ১০০ শতাংশ। এবার সেই সব মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নানা জটিলতায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। আর স্থান সংকুলানের জন্যই এই সমস্যা প্রকট হয়েছে এবার। বুধবার সেরকমই চিত্র দেখা গেল পুরুলিয়া রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন জেলার একমাত্র মেয়েদের এই সরকারি স্কুলে মাধ্যমিক উত্তীর্ণ ৬২ জন পড়ুয়ার নম্বর কম থাকার কারণে তাদের নিজেদের স্কুলেই ভর্তি নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি, এই স্কুলে অধিকাংশই তৃতীয় শ্রেণি বা চতুর্থ শ্রেণি থেকে পড়াশুনো করে আসছে।

কোভিডের কারণে তারা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। এই অবস্থায় তাদের মাধ্যমিকে পাশ করে দিলেও তাঁরা নম্বর কম পেয়েছে। স্কুল কর্তৃপক্ষ সেই নম্বর কমের অজুহাত দেখিয়ে তাঁদের ভর্তি না নিয়ে অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তি নিচ্ছে। এই অবস্থায় তারা কোথায় যাবেন তা নিয়ে কার্যত চরম অনিশ্চিয়তায় পড়েছেন পড়ুয়া সহ অভিভাবকরা। এদিন এই বিষয় নিয়ে স্কুলে বাইরে ভিড় জমিয়ে পড়ুয়াদের ভর্তির দাবি তোলেন অভিভাকরাও।
যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষা দপ্তরের সমস্থ নিয়ম মেনে ভর্তি চলেছে। এই ক্ষেত্রে তাদের কিছুই করার নেই।
এদিন পড়ুয়া ও অভিভাকরা জেলা সভাধিপতির দ্বারাস্থ হন। যদিও জেলা সভাধিপতি পড়ুয়াদের আশ্বস্ত করে জানান, বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে সমস্যা সমাধানের জন্য কথা বলবেন।


