দুর্নীতির অভিযোগে কেশপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আবাস যোজনা, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে স্থানীয় মানুষজন সোমবার বেলা দশটা নাগাদ কেশপুর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আনন্দপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্তর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি।

যদিও এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গোটা ঘটনার পিছনে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সভাপতির বাড়ি ঘেরাওয়ের ঘটনায় আনন্দপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *