স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জুন:
স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রতিটি ব্যক্তি এবং শিশুদের ভ্যাকসিনেশনের দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও জেলাশাসককে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। আজ মঙ্গলবার ছাত্র পরিষদের তরফ থেকে নদিয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ এবং স্মারকলিপি দেওয়া হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আর কিছুদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে গোটা দেশ এবং রাজ্যে। আর তৃতীয় ঢেউয়ে সব থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ছোটদের। কিন্তু সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়নি। এবার প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় নদিয়া জেলা ছাত্র পরিষদ। ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা। এবার আবারও ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজনপোষণ এবং প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি, রাজ্য সরকারকে অবিলম্বে প্রতিটি ব্যক্তি, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ শিশুদের ভ্যাকসিন দিতে হবে। তার কারণ আগামী প্রজন্ম যাতে কোনও রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখেই তাদের এই বিক্ষোভ।

