অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুন:
বৃহস্পতিবার সিপিএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউ’র পক্ষ থেকে কর্মসংস্থানের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজিত হল। ঝাড়গ্রাম শহরে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন সিটুর নেতৃবৃন্দ। তাদের আরও দাবি, ঝাড়গ্রাম ফ্লাইওভারের দু’পাশে রাস্তা নির্মাণ, ঝাড়গ্রাম স্টেশন থেকে বন্ধ হওয়া সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চালু করা।
সিটুর পক্ষ থেকে জানানো হয় যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়লেও রাজ্য ও কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি। যার ফলে বেকারদের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রকৃত তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। সেইসঙ্গে ঝাড়গ্রাম ওভার ব্রিজের দুই পাশের রাস্তা নির্মাণ করতে হবে। যাতে এলাকার মানুষ যাতায়াত করতে পারে। সেই সঙ্গে ঝাড়গাম জেলা বাসীর সুবিধার্থে ঝাড়গ্রাম স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলি চালু ছিল সেই সমস্ত ট্রেনগুলি চালু করতে হবে। তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

