অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ সেপ্টেম্বর: দু’দিনের টানা বৃষ্টির জেরে একপ্রকার বিপর্যস্ত ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর এলাকার মানুষের জীবন। বৃষ্টির জল ইতিমধ্যে বইতে শুরু করেছে বিভিন্ন রাস্তার উপর দিয়ে। যার জন্য সাধারণ মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের যেমন সমস্যা হচ্ছে তেমন বেশ কয়েকটি জায়গায় মাটির বাড়ি ভেঙ্গে পড়ায় বৃষ্টির মধ্যে গৃহহীন হয়ে পড়েছে কিছু পরিবার। পাশাপাশি কৃষি জমিগুলো সব জলের তলায় থাকায় ক্ষতির মুখে গোপীবল্লভপুরের চাষিরা।

গত সোমবার থেকে অনবরত বৃষ্টির কারণে জল জমে থাকায় ধর্মপুর গ্রামের চাষিদের বিঘার পর বিঘা পাকা আউশ ধান গাছই নষ্ট হয়ে যাওয়ার ভয় করছেন চাষিরা। অতিবৃষ্টির কারণে মাটিতে লুটিয়ে পড়েছে চাষিদের অসংখ্য করলা চাষের মাচা। নষ্ট হচ্ছে কপি চাষের বীজতলা। পাশাপাশি গোপীবল্লভপুরের চিরকালডিহি গ্রামের এক পরিবারের মাটির বাড়ি সম্পূর্ণ রুপে ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে টানা বৃষ্টির কারণে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যে জল যন্ত্রণার ছবি ফুটে উঠছে তার থেকে বাদ যায়নি গোপীবল্লভপুরও।

