আমাদের ভারত, ব্যারাকপুর, ২ অক্টোবর: মহাত্মা
গান্ধীর ১৫২ তম জন্ম দিবস পালন করা হল ব্যারাকপুর গান্ধী ঘাটে। রাজ্যপাল জগদীপ ধনকর সস্ত্রীক ব্যারাকপুর গান্ধী ঘাটে উপস্থিত হন। এরপর গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সূত্রযজ্ঞে অংশগ্রহণ করেন সস্ত্রীক রাজ্যপাল।
এদিন সকালে গান্ধী ঘাটে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে সস্ত্রীক রাজ্যপাল অংশ নেন। এদিন তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন, গান্ধীজির অহিংস নীতি অবলম্বন করতে হবে। এদিন তিনি গণতন্ত্র রক্ষার জন্য সাধারণ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করার সংকল্প নেওয়ার আবেদন করে বলেন, “গণতন্ত্র তখন সার্থক হবে যখন সাধারণ মানুষ শান্তিতে থাকবে আর বেশ কিছু দিন ধরে অনেক জায়গায় হিংসা হতে দেখা গেছে। এই ক্ষেত্রে শাসক ও প্রশাসককে এগিয়ে এসে এটা সামাল দিতে হবে। এখানে কিছু মাস ধরে হিংসার পরিবেশ চলছে কিন্তু মানুষ ভয়ে এর চর্চা পর্যন্ত করছে না। গণতন্ত্র রক্ষার জন্য সাধারণ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করার সংকল্প নেওয়া প্রয়োজন।”
অপর দিকে খরদহ বিধানসভার উপ নির্বাচনের তৃণমূলের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের কার্যালয় উদ্বোধন করতে এসে গান্ধী জয়ন্তীতে রাজ্যপালের করা ট্যুইট ও ব্যারাকপুর গান্ধী ঘাটে রাখা বক্তব্যের প্রেক্ষিতে সাংসদ সৌগত রায় আবেদন জানান “রাজনৈতিক টুইট বন্ধ করুন, বিজেপির মুখপাত্র হয়ে টুইট করা বন্ধ করুন রাজ্যপাল”। এদিন গান্ধী ঘাটে রাজ্যপাল রাজ্যের গণতন্ত্র ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে এদিন সাংসদ সৌগত রায় বলেন, “তাঁর বক্তব্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। উনি আজ গান্ধীজি সম্বন্ধে কথা বলতেন কিছু বলার থাকত না আমাদের, কিন্তু উনি রাজ্যর আইন শৃঙ্খলা, গণতন্ত্র নিয়ে বক্তব্য রেখেছেন এটা ঠিক না। রাজ্য সরকার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট তৎপর। রাজ্যপাল এবার বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করা বন্ধ করুন।”

