গণতন্ত্রে বিরোধীদের প্রয়োজন আছে: ভারতী ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ:
সংসদীয় গণতন্ত্রে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র শব্দটি উঠে যাবে। তাই বিরোধী দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে শনিবার মেদিনীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে মন্তব্য করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌরসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাজ্যে বিরোধী দল হিসেবে রয়েছি। পৌরসভা নির্বাচনে যেভাবে বুথ জ্যাম, বুথ ক্যাপচার, ভোট লুট এবং বিরোধী প্রার্থী ও ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারপর বিরোধীরা আর কি ফলাফল আশা করতে পারে? তবে এইভাবে ভোট করিয়ে বিরোধীদের হারিয়ে দেওয়া হলেও তারা মাঠ ছেড়ে কখনো পালাবে না। রাজ্যের প্রতিটি ভোট স্বাভাবিক নিয়মে হলে ফলাফল অন্যরকম হতো এটা সবাই জানে।

ভারতী ঘোষ বলেন, তৃণমূল এমনিতে নানা রকমের সন্ত্রাস করার পরেও কয়েকটা জায়গায় বিজেপি প্রার্থীরা জিতেছে। তাছাড়া নির্বাচনে হারজিত থেকেই থাকে। তবে এরাজ্যে যেভাবে ভোট হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এভাবে চলতে চলতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর গণতন্ত্র শব্দটি উঠে যাবে। এ জন্য বিরোধীদের থাকা দরকার এবং আমরা অর্থাৎ বিজেপি কর্মীরা রয়েছি। ভারতী ঘোষ বলেন, ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসও ভেবেছিল তারা এরাজ্যে ক্ষমতায় আসছে। কিন্তু তাদের সেবার ক্ষমতায় আসা সম্ভব হয়নি। পরে ২০১১ সালে তারা ক্ষমতায় আসে। সেভাবে আমরাও আগামী দিনে ভালো ফলাফল করব। রাজনীতিতে এরকম ওঠানামা সর্বত্রই রয়েছে বলে সাংবাদিকদের জানান ভারতী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *