পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৫ জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। সেই মত রবিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের সাতমাইল বাজারে বিজেপির একটি জনসভায় হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এই জনসভায় সাধারণ মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাদের কাছ থেকে অভাব অভিযোগের কথা শোনেন।

এরপর এই জনসভা থেকে কার্যত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির রাজ্য সহ সভাপতি। তিনি বলেন, এ রাজ্যে গণতন্ত্র মাটি চাপা পড়ে গেছে। এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যকে সামলাতে পারছে না, তাই পাটনায় গিয়ে বসে আছে। বিজেপিকে দেখে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল, তাই বিজেপি প্রার্থীদের ভয় দেখানোর চেষ্টা করছে শাসক দলের গুন্ডা বাহিনীরা।
তিনি আরো বলেন, বিজেপি নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের নেতা কর্মীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে। ইতিমধ্যেই বহু বিজেপি নেতা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে প্রাণ হারিয়েছেন। বিজেপিই একমাত্র পারে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে।

