অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ আগস্ট: ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ধরসা অঞ্চলের কালিবাঁধ চক এলাকায় উন্নতমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাই করার দাবিতে প্রায় পাঁচ ঘন্টা পথ অবরোধ করল গ্রামবাসীরা। পরে ব্লক প্রাশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।
প্রসঙ্গত, কালিবাঁধ চক থেকে গামারিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা হচ্ছে স্থানীয় গ্রামপঞ্চায়েতের উদ্যোগে। রাস্তার প্রাথমিক কাজ ভাল ভাবে হলেও ঢালাইয়ের জন্য নিম্নমানের স্টোন চিপস দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। সেই স্টোন চিপস বদলের দাবিতেই পথ অবরোধ করেন বাসিন্দারা।পরে বিডিও অফিসের প্রতিনিধি এবং গ্রামপঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঘটনাস্থলে গিয়ে কথা বলেন গ্রামবাসীদের সাথে।তারা লিখিত আশ্বাস দেন যে খারাপ জিনিস বদলে ভালো স্টোন চিপস দেওয়ার। এরপর অবরোধ তুলে নেন বাসিন্দারা।
এই বিষয়ে জামবনি ব্লকের বিডিও সৈকত দে বলেন,
“স্টোন চিপস গুলির মান খারাপ ছিল। আমাদের ইঞ্জিনিয়ারও গিয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয়েছে উন্নত মানের স্টোন চিপস দিতে।”

