রাজেন রায়, কলকাতা, ২ আগস্ট: সপ্তাহের প্রথম দিনে ট্যাক্সি ধর্মঘট। সকাল থেকেই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। এআইটিইউসির ডাকে সোমবার ট্যাক্সি ও ক্যাব ধর্মঘট। এর ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় কম ট্যাক্সি বা ক্যাব। মূলত ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আজ সকাল থেকে এই ধর্মঘট।
জ্বালানির দাম বাড়ছে দিন দিন। সেখানে ভাড়া বাড়াতে হবে ৫০ টাকা করে, এই দাবি নিয়ে আজ ট্যাক্সি ও ক্যাবগুলি এই ধর্মঘট ডেকেছে। ১২ ও ১৩ আগস্টও ধর্মঘট হওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে তাতে পুরনো ভাড়ায় যাত্রী পরিষেবা দেওয়া অসম্ভব। ভাড়া বাড়ানো নয় রাজ্য সরকারকে বহুবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে বন্ধ ট্যাক্সি ও ক্যাবগুলি। ফলে সপ্তাহের প্রথম দিনই রাস্তায় বেড়িয়ে চরম নাকাল নিত্য যাত্রীরা। কলকাতার প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল। প্রতিবাদস্বরূপ কোনো ট্যাক্সি আজ রাস্তায় নামবে না বলেও জানা গিয়েছে। মূলত পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর দাবিতে এই ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি।
সংগঠনের তরফে দাবি, ট্যাক্সির ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে তারা বহুবার আবেদন করেছেন। কিন্তু সরকার সেই ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেননি বলে তাদের অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে এই ধর্মঘটের পথে হেঁটেছেন বলে সংগঠনের দাবি। অন্যদিকে, ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলিও নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে বলে অভিযোগ। কিন্তু তাতে ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলির লাভ হলেও, যিনি গাড়ির মালিক কিংবা যিনি গাড়ি চালাচ্ছেন, তাঁদের কারও কোনও লাভ হচ্ছে না। আর তাই এর প্রতিবাদ জানিয়ে ওলা-উবেরের ট্যাক্সিগুলিও আজ সামিল এই ধর্মঘটে।

