আমাদের ভারত, ৪ জুলাই: পুনর্গণনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির আরও এক প্রার্থী। কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের অভিযোগ, তার কেন্দ্রে ভোট গণনায় কারচুপি হয়েছে। ভোটের চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে ঘোষণা করা হয়নি।
কল্যান চৌবেকে নিয়ে মোট ৮ বিজেপি প্রার্থী পুনর্গণনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন। কল্যাণ চৌবে জানান, মানিকতলা কেন্দ্রে ৩৩৬৩ ভোটেতৃণমূল প্রার্থীকে এগিয়ে থাকতে দেখেছিলাম। কিন্তু চূড়ান্ত ফল প্রকাশের সময় কুড়ি হাজারের কাছাকাছি ভোটে জিতলেন। কিভাবে এই অসামাঞ্জস্য ফল সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে ৫ মে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গণনা সংক্রান্ত নথি সংরক্ষণের আর্জিও জানিয়েছেন কল্যাণ। এরপর তিনি হাইকোর্টে মামলা করলেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আরো জানান, হাইকোর্টে আমি পুনর্গণনার দাবিতে মামলা করেছি। মোট আটজন বিজেপি প্রার্থী পুনর্গণনার চেয়েছেন। তার মধ্যে দুটি মামলার শুনানি সোমবার হবে। তবে কল্যাণ চৌবের ক্ষেত্রে একটি জটিলতার রয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে কোনও প্রার্থীকে পুনর্গণনার আবেদন জানাতে হয়। কল্যাণের ক্ষেত্রে সেটা হয়নি।
এদিকে নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার দিনই নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ তোলেন তিনি। সেইদিনই আদালতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও ৪ জন তৃণমূল প্রার্থী আদালতে মামলা করেছেন।

