সাথী দাস, পুরুলিয়া, ১৫ নভেম্বর: আদিবাসী নেতা ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডার জন্মদিনে মূর্তি স্থাপনের দাবি উঠল পুরুলিয়ার ঝালদায়। স্থানীয় রাস্তার মোড় ওই আদিবাসী নেতার নামে হলেও সেখানে তাঁর মূর্তি স্থাপনের দাবি তুলল আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি। এদিন শ্রদ্ধার সঙ্গে পুরুলিয়া জেলাজুড়ে উদযাপিত হল আদিবাসী ওই নেতার জন্মদিন। স্থানীয় থানার ব্যবস্থাপনায় বাঘমুন্ডির জাদুগড়া শিশু শিক্ষা কেন্দ্রে বিরসা মুন্ডার ১৪৬ তম জন্ম দিন পালিত হয়। আদিবাসী ছেলে মেয়েদের মিষ্টি, কম্বল ও ফুটবল বিতরণ করেন বাঘমুন্ডি থানার ওসি রজত চৌধুরী।

ঝালদার বিরসা মোড়ে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হয় প্রয়াত নেতার জন্ম জয়ন্তী। পুরুলিয়া পুরসভাতেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন হয়। বিরসা মুন্ডার ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা।
আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সভাপতি কার্তিক সিং মুড়া বলেন, আমাদের পূর্ব পুরুষ বীরসা মুন্ডা দেশ ও দশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তাই তাঁর স্মরণে আজ জন্ম জয়ন্তী অনুষ্ঠান করা হল। আমরা দীর্ঘ দিন ধরে দাবি করে আসছি এই বীর পুরুষের মূর্তি স্থাপন করার।

কিন্তু আজও পর্যন্ত জেলা শাসক, মহকুমা শাসক বা ঝালদা পৌরপ্রশাসকের কাছ থেকে অনুমতি পাই নি। আমরা চাই অবিলম্বে মূর্তি নির্মাণ করার অনুমতি দিতে হবে যাতে আমরা আগামী বৎসর মূর্তি স্থাপন করে এই দিনটি পালন করতে পারি।

