স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবি, ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়

আমাদের ভারত, কলকাতা, ২৪ জানুয়ারি: ছাত্র বিক্ষোভে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় ফের উত্তপ্ত হল। স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে উপাচার্যের গাড়ি ঘেরাও করে পড়ুয়াদের এই বিক্ষোভ হয়। পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

স্নাতকোত্তরে অনলাইনে পরীক্ষা হয়েছে। তার ফলে অনেকেই বেশি নম্বর পেয়েছেন বলেই দাবি পড়ুয়াদের। কিন্তু স্নাতকোত্তরে আসন সংখ্যা কম হওয়ায় ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাঁদের। তাই আসন বৃদ্ধির দাবিতে সরব হন তাঁরা। তাঁরা উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথাও বলার চেষ্টা করেন। তবে তিনি পড়ুয়াদের কথাবার্তায় কান দেননি বলে অভিযোগ।

সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় গাড়িও ঘেরাও করেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের বিক্ষোভকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে দেন উপাচার্য। পড়ুয়াদের হঠাতে পুলিশ লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। বিশ্ববিদ্যালয় থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় বিক্ষোভকারীদের।

দীর্ঘক্ষণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরেই থাকেন পড়ুয়ারা। যতক্ষণ না পর্যন্ত দাবিপূরণ হবে, ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *