পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: গুছিতে ৫০টির বেশি পান না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে তমলুক মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দিল পানচাষি সমন্বয় সমিতি। সরকারি নির্দেশিকা গত ১লা অক্টোবর থেকে চালু হলেও জেলায় জেলায় তা কার্যকর করার ক্ষেত্রে প্রশাসন, বিশেষত মার্কেটিং অফিসার গড়িমসি করছেন। তার বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা শাসক দফতরে পানচাষি সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ সভায় সামিল হয় শতাধিক পানচাষি। বক্তব্য রাখেন কমিটির সভাপতি প্রবীর প্রধান, সম্পাদক সোমনাথ ভৌমিক, সোমনাথ মাইতি, প্রভাস মাইতি, কার্তিক বেরা প্রমুখ।
মহকুমা শাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অফিসার অঞ্জন চৌধুরী ডেপুটেশন গ্রহণ করে বলেন, আগামীকাল থেকেই আড়তগুলিতে মাইক প্রচার শুরু হবে এবং যিনি সরকারি নির্দেশিকা মানবেন না, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রবীরবাবু বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই সরকার চাষিদের দাবি কিছুটা হলেও মানতে বাধ্য হয়। সেই দাবি যাতে কার্যকর করা হয়, তার জন্য সরকার পদক্ষেপ না নিলে আন্দোলন আরো জোরদার হবে। প্রয়োজনে দপ্তর অবরুদ্ধ হবে।

