আমাদের ভারত, ১৭ মে:স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অবৈধভাবে পাওয়া চাকরি থেকে মন্ত্রীর কন্যাকে অবিলম্বে বরখাস্ত করার দাবি করল স্বরাজ ইন্ডিয়া।
মঙ্গলবার দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, “কলকাতা হাই কোর্টে স্কুল সার্ভিস কমিশনের এক নিয়োগ মামলায় বিচারপতি বলেছেন, রাজ্যের এক মন্ত্রীর মেয়েকে অবৈধভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের ভার সিবিআইকে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রীকে আজ রাতের মধ্যেই সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ বাংলায় সরকারি চাকরির নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির প্রমাণ এবং শাসক দলের রাজ্যের যুবসমাজের সঙ্গে প্রতারণার জ্বলন্ত দলিল।“
রাজ্য যুব স্বরাজের মুখপাত্র পৌলোমী ঘোষ বলেছেন, “রাজ্যে একদিকে পুলিশি হামলায় যুবকের জীবন যাচ্ছে আর এক দিকে সরকারি চাকরির নিয়োগে চাকরি প্রার্থীদের জীবন অতিষ্ঠ। মন্ত্রী, আমলা, পুলিশ প্রশাসন সব একসাথে দুর্নীতিতে নিমগ্ন। রাজ্যের যুবক যুবতীদের প্রাণ এবং ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই এই সরকারের হাতে। রাজ্যের যুব সমাজকে সচেতন হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না।”

