আমাদের ভারত, ২০ জুন: ডেল্টার পর করোনার ডেল্টা প্লাস প্রজাতি আরো বেশি মারাত্মক হতে পারে। এই সতর্কবার্তা দিলেন দিল্লি এইমস ডিরেক্টর রনদীপ গুলেরিয়া। ব্রিটেনে ইতিমধ্যেই এই ডেল্টা প্লাসের সংক্রমণ ছড়ানো শুরু হয়েছে। ফলে ভারত সরকার ও দেশবাসীকেও অনেক বেশি সজাগ থাকতে হবে এবিষয়ে বলে মনে করেন তিনি।
ভারতের করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হবার পেছনে ছিল করোনার এই ডেল্টা প্রজাতি, যার জন্য দেশজুড়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছিল। ডেল্টা প্রজাতি ক্রমেই নিজেকে পরিবর্তন করে ডেল্টা প্লাস হয়েছে। আবার ইট ডেল্টা প্লাস প্রজাতিও নিজের রূপ পরিবর্তন করেছে, যা কে–৪১৭ নামে পরিচিত। এই নতুন প্রজাতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রনদীপ গুলেরিয়া।
ব্রিটেনে ইতিমধ্যেই ডেল্টা প্লাসের কারণে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই সেদিকে নজর রেখে দেশবাসী এবং সরকারের সতর্ক হওয়া প্রয়োজন বলেই মত তাঁর। তিনি জানিয়েছেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যখন সারা বিশ্বে সংক্রমনের গ্রাফ নামতে শুরু করেছে তখন করোনার এই নতুন প্রজাতি কতটা মারাত্মক হবে বা আদৌ তা মারাত্মক হবে কিনা তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।
আগামী কয়েক সপ্তাহ নতুন এই প্রজাতির দিকে নজর রাখতে হবে। তাহলে সঠিক ধারণায় পৌঁছানো যাবে। করোনার ডেল্টা প্রজাতি অন্য সমস্ত প্রজাতির তুলনায় অনেক বেশি সংক্রামক। এই প্রজাতি বিশ্বের প্রায় ৮০টি দেশে ছড়িয়েছে। তাই গুলেরিয়া সতর্ক করেছেন এই নতুন প্রজাতিকে খুব হালকাভাবে নিলে চলবে না। আগে থেকে এই পরিবর্তনকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপও করতে হবে।ভাইরাসের চরিত্র বুঝতে জিনোম সিকোয়েন্স এর উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

